অবৈধ আইএসপি বন্ধে বিটিআরসি’র অভিযান

৩১ অক্টোবর, ২০১৯ ১১:৪৩  
অবৈধ আইএসপি’র বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গোপন তথ্য ও অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করছে সংস্থার এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন বিভাগ। তবে অভিযানে যাওয়ার আগে অভিযোগ যাচাই করে তারপরই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। জানাগেছে, সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর মিপুরের পল্লবী এলাকায় অনুমোদনহীন ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। এসময় অবৈধভাবে ইন্টারনেট সেবা ব্যবসায় পরিচালনার দায়ে অলোক আইটি’র দুইটি পপ উচ্ছেদ করা হয়। এছাড়াও প্রিফিক্স নেট নামক অপর প্রতিষ্ঠানের কাগজ-পত্রে সমস্যা থাকায় বৃহস্পতিবার তাদেরকে চিঠি পাঠাচ্ছে কমিশন। সূত্র মতে, স্থানীয় পুলিশ প্রশানের সহায়তায় কমিশনের এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন বিভাগের ৩ জন উপ-পরিচালক এই অভিযানের নেতৃত্ব দেন। তথ্য প্রমাণের ভিত্তিতে এই টিমটিই আগামী সপ্তাহে আরো ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালাবে। সূত্রটি আরো জানিয়েছে, শিগগিরি ঢাকার বাইরেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর বিধান অনুযায়ী ইন্টারনেট সেবা দিতে হলে প্রতিটি সাইবার ক্যাফে ও আইএসপিকে অবশ্যই বিটিআরসি’র লাইসেন্স নিতে হবে। কেউ যদি আইনের ব্যত্যয় ঘটিয়ে ইন্টারনেট ও ব্যান্ডউইথ সেবা দেয় তবে ওই আইনের ৩৫ ধারা অনুযায়ী অনধিক দশ বছরের কারাদণ্ড অথবা ৩০০ কোটি টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।